দুর্গাপূজা ঘিরে কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ।
শফিকুল ইসলাম শেখ :
আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
সভায় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানজট নিরসন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করতে পুলিশ, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নারী ও শিশু দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোতে পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে যানজট নিরসনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুর্গোৎসব চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবাদ্দিন আহমেদ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ ধর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য্য, কালীগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাসসহ বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



