
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা ‘খুব ভালো’ হয়েছে। তবে তিনি জানিয়েছেন, ইরানের প্রতিনিধিদলে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা আলোচনা করেছেন। খুব শিগগিরই আবারও বৈঠক হবে।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি করার সুযোগ রয়েছে। তবে চুক্তি না হলে ইরানকে কঠিন পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে পরে উইটকফ জানান, তিনি ও কুশনার সরাসরি ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেননি। মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে যাতায়াত করে আলোচনা এগিয়ে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উইটকফ বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার একটি ধাপ শেষ হয়েছে এবং এটি গঠনমূলক ও আশাব্যঞ্জক হবে বলে তারা আশা করছেন। মধ্যস্থতাকারীরা তাদের কাজ চালিয়ে যাবেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্ত তুলে ধরেছেন।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ দ্রুত তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ দ্রুত ফেরত দেওয়া এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ করা।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে ট্রাম্প প্রস্তুত রয়েছেন।
রুবিও বলেন, সমস্যা সমাধানে আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ট্রাম্প। তবে আলোচনায় বসলেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হবে- এমন কোনো নিশ্চয়তা নেই।
ইরানের সঙ্গে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রণালিটি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় এ বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মুক্তদিগন্ত অনলাইন